সিলেটটুডে ডেস্ক | ২৯ আগস্ট, ২০১৫
সেতু মেরামত শেষে সিলেট-ঢাকা মহাসড়ক আজ ভোরে চালু হলেও দেখা দীর্ঘ যানজট। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস বেইলি সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ক্ষতিগ্রস্ত সেতু মেরামত ও বেইলি সেতু নির্মাণ শেষে শনিবার ভোর ৪টার দিকে যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৭টা থেকে সেতুর উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
দুপুর ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেতুর পশ্চিমে সরাইল বিশ্বরোড পর্যন্ত ও পূর্বে বিজয়নগর-চান্দুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, ক্ষতিগ্রস্ত অংশে স্থাপন করা দু’টি বেইলি সেতুই সিঙ্গেল লেনের। বেইলি সেতুগুলো ১২ ফুট প্রস্থের। এ কারণে ওই সেতু দিয়ে একটির বেশি গাড়ি চলাচল করতে পারে না। এতে গাড়ির জট বেড়ে যায়।
তিনি আরও জানান, বৃষ্টি থাকায় নির্ধারিত সময় শুক্রবার রাত ১২টার মধ্যে বেইলি সেতু স্থাপন কাজ বিঘ্নিত হয়েছে। পরে শনিবার ভোর চারটার দিকে কাজ শেষ হলে যানবাহন চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সকাল সাড়ে সাতটার পর থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজট লেগে যায়।
২০২ মিটার দীর্ঘ শাহবাজপুর তিতাস সেতুর মাঝখানের ২০ মিটার দীর্ঘ দুটি পিলার জরাজীর্ণ হওয়ায় সেতুটি ঝুঁকির মুখে পড়ে। এ অবস্থায় সেতুর ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করতে এর উপর ২০মিটার দীর্ঘ দুটি (ওয়ান ওয়ে) বেইলি সেতু স্থাপন করা হয়। শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টার জন্যে সেতুটির উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের নোটিশ দেয় সওজ কর্তৃপক্ষ।