Sylhet Today 24 PRINT

রোববার থেকে মেডিকেল কোচিং বন্ধ রাখার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৯

আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। আর এ ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আগামীকাল রোববার (১ সেপ্টেম্বর) থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের সকল মেডিকেল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ১৯টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষাকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডাক্তার এ কে এম আহসান হাবীব জানান, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বরাবরই সর্বোচ্চ সততার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারক রয়েছেন। বরাবরের মতো এবারও সরকারের সকল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে মেডিকেলে ভর্তির সকল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এজন্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা সজাগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.