Sylhet Today 24 PRINT

লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডন পৌঁছেছেন। স্থানীয় সময় শনিবার বিকাল ৪টার দিকে তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

৭৫ বছর বয়সী আবদুল হামিদ এর আগে চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.