Sylhet Today 24 PRINT

ন্যায্য মূল্যে জমি বিক্রি করেছি বললেও কত টাকা জানেন না অরুণ গুহ!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ন্যায্য মূল্যে জমি কিনেছেন বলে জানিয়েছেন জমির মালিক অরুণ গুহ মজুমদার। অবশ্য তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, তিনি ঠিক কতো টাকায় বাড়িটি বিক্রি করেছেন তা মনে করতে পারছেন না।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

অরুণ গুহ মজুমদার বলেন, মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে ন্যায্য মূল্যে জমি বিক্রি করেছি। আমি ভারতে পালিয়ে যাইনি, মেয়েকে উচ্চ শিক্ষায় ভর্তি করাতে ভারতে গিয়েছিলাম। ২৮ আগস্ট বাংলাদেশে এসে জানতে পারি নানা অভিযোগ। এরপর এ সংবাদ সম্মেলন আয়োজন করি।

তিনি বলেন, আমি জানতে পারলাম, মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুরের একটি হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখল করে তাকে পরিবারসহ ভারতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এ অভিযোগ মিথ্যা।

সংবাদ সম্মেলনে অরুণ গুহ বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আমার জমিটির ব্যাপারে যে অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন, অমূলক ও বানোয়াট। এ ব্যাপারে ঐক্য পরিষদের কারও সঙ্গে আমার কথা হয়নি। পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাসগুপ্তকে আমি চিনি না।

তিনি বলেন, ঐক্য পরিষদ তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তারা কি উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রীকে জড়িযে এই অভিযোগ প্রকাশ করলো সেটা আমার জানা নেই।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরুণ গুহ বলেন, ভবিষ্যতেও ফরিদপুরেই থাকবো এবং অন্য স্থানে বাড়ি তৈরি করবো।

সংবাদ সম্মেলনে অরুণ গুহের মেয়ে তুলি গুহ মজুমদার ও ভাগ্নি কামনা ভদ্র উপস্থিত ছিলেন। সংবাদ সূত্র: উত্তরাধিকার ৭১ নিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.