সিলেটটুডে ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০১৯
ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে একাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন অনিয়ম, খালেদা জিয়ার মুক্তি, রোহিঙ্গা ইস্যু ও সংসদে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের বাসায় এ বৈঠক হয়।
সকালে সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ বৈঠক চলে।
বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন বিষয় তুলে ধরেছি, কূটনীতিকরা শুনেছেন। তারা কিছু বলেন নাই।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দুর রব বলেন, চায়ের আড্ডায় মইন খানের বাসায় এসেছিলাম। সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ফরেন মিশনের সঙ্গে বৈঠকটি হয়েছে। জোটের কোনও বিষয়ে কিছু না।
ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম নির্বাহী সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ এক নেতা জানান, একাদশ সংসদ নির্বাচনের পরে আমরা ঐক্যফ্রন্টের পক্ষে থেকে কূটনীতিকদের ব্রিফ করেছিলাম। তখন সেই সয়মকার ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন এলিসন ব্লেক বলেছিল, মাঝে মাঝে আমরা এ রকম বসতে পারলে আমাদের জন্য ভালো হয়। তারপর আর বসা হয়নি। এখন নতুন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন নিযুক্ত হওয়ার পরে বলেছিল আমরা বসতে পারি কি না। তার সেই কথা ধরে আজকে আমরা বৈঠক করেছি। সাধারণত বিএনপির নেতা ড. মঈন খান কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আজকের বৈঠকের আয়োজন করে।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন, কানাডার উপ-রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিরা। তবে ভারতের কেউ উপস্থিত ছিলেন না।