Sylhet Today 24 PRINT

বাংলাদেশিকে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

ইউএনবি, ঢাকা |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নাজিম উদ্দিন (৩৫)  নামে এক বাংলাদেশিকে গুলি করে মেরে লাশ নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নিহত নাজিম উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে। পেশায় গরু ব্যবসায়ী নাজিম বৃহস্পতিবার ভোরে রাজাপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বলে জানান নাজিমের ভাই রতন আলী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে নাজিমসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। তারা বাংলাদেশের রাজাপুর সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছাকাছি পৌঁছালে ভারতের গেদে আমতলা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া করেন।

বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম গুলিতে নিহত হন। পরে তার লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেদে আমতলা বিএসএফ ফাঁড়ির অদূরে ১ নম্বর গেটের কাছে ফেলে রাখা হয়।

উপজেলার সিংনগর গ্রামের বাসিন্দা আনু হালদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা বিএসএফ ফাঁড়ির অদূরে একটি লাশ পড়ে থাকতে দেখেছেন।

এ বিষয়ে ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক কামরুল হাসান জানান, স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে তারা এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর শুনেছেন। ‘প্রকৃত ঘটনা জানতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।’

তবে বিকাল ৩টার দিকে এ প্রতিবেদন প্রস্তুত করার আগ পর্যন্ত বিএসএফের কাছ থেকে চিঠির জবাব পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.