Sylhet Today 24 PRINT

‘গণধর্ষণের শিকার’ প্রথম শ্রেণির ছাত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

জয়পুরহাট সদর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। শিশুটির চাচাতো ভাই ও অপর এক কিশোর তাকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ধর্ষিতার চাচাতো ভাইসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল ধর্ষিতার চাচাতো ভাই ও একই গ্রামের মঞ্জিল হোসেনের ১৬ বছর বয়সী ছেলে তারেক হোসেন ও নওগাঁর ধামুইরহাট উপজেলার মহিষবাতান গ্রামের মিঠুন হোসেনের ছেলে মারুফ হোসেন। মারুফ একই গ্রামে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে তারেক ও মারুফ মাছ ধরার কথা বলে আট বছরের ওই শিশু কন্যাকে নিয়ে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীতে নিয়ে যায়। পরে নির্জন নদী তীরে তারেক ও মারুফ মেয়েটির মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

রক্তক্ষরণরত অবস্থায় অসুস্থ শিশুটি বাড়ি গিয়ে তার মা-বাবাকে সবকিছু জানায়। রাতে ধর্ষিতা শিশুটির বাবা তার মেয়েকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে থানায় এসে অভিযোগ দিলে পুলিশ তারেক ও মারুফকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.