Sylhet Today 24 PRINT

মার্চের মধ্যে রাজাকারের প্রাথমিক তালিকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী মার্চের মধ্যে রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে একদিনের ভারত সফর শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।

৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরায় অবস্থানের বিষয়ে নিজের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে ত্রিপুরায় মোট চারটি সেক্টর ছিল। আমি ত্রিপুরার পদ্মা ক্যাম্পের ডেপুটি চিফ ছিলাম। সেই স্মৃতি কখনও ভুলবো না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। স্মৃতিগুলো সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। সেটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশ কাজ করছে।

এর আগে মন্ত্রীকে বাংলাদেশ অভ্যন্তরে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.