Sylhet Today 24 PRINT

ভাদ্রেও শ্রাবণের বৃষ্টি!

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৫

ঋতুচক্রের বর্ষা শেষ হয়ে গেছে আগেই। বর্ষপঞ্জিকার এখন ভাদ্র মাসের ষোড়শ দিন, তবু বৃষ্টির দাপট চলছেই। থামতেই চাইছে না, চলবে এ সপ্তাহের পুরোটা- এমনটাই জানিয়েছে আবহাওয়া বিভাগ।

গত কয়েক দিনের ধারাবাহিকতায় দফায় দফায় বৃষ্টি ঝরেছে রোববারও। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, ‍আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিনই মিলবে বৃষ্টির দেখা।

এ সময় প্রতিদিন ৪/৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার করে বৃষ্টি হতে পারে প্রতিদিন। সঙ্গে থাকবে দমকা হাওয়ার দাপট। শরতেও এমন বৃষ্টির দাপটে দেশের অনেক এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা জেগেছে। ইতোমধ্যেই অনেক জায়গা প্লাবিত হয়েছে। কুশিয়ার ডাইক ভেঙে প্লাবিত হয়েছে বিয়ানিবাজারের বেশ কিছু এলাকা।

মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃমত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়া বুলেটিনে উল্লেখ করা হয়।

আবহাওয়ার বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৪ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.