Sylhet Today 24 PRINT

নতুন বইয়ের সঙ্গে ২ হাজার টাকাও পাবে শিশুরা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে নতুন বইয়ের পাশাপাশি দুই হাজার টাকা দেওয়া হবে। শিক্ষার্থীদের স্কুলের পোশাক কেনার জন্য এ টাকা দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আজ শনিবার এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, বিদ্যালয়গুলিকে দৃষ্টি নন্দন ও আধুনিকায়ন করা হচ্ছে। আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্লাস রুম। আনন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সরকারের এতসব আয়োজন।

শনিবার কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পে যারা দুর্নীতি করছে তারা কেউ মাপ পাবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মনে রাখবেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দোয়া হচ্ছে। কারণ আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০৪১ সালে যুবক হবে। যারা নেতৃত্ব দেবে উন্নত রাষ্ট্রের।

জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপপরিচালক আবদুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ, তৌফিকুল ইসলাম, মোজাম্মেল হক, লস্কর আলী প্রমুখ। সভায় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা ইনস্ট্রাক্টর, ইউআরসি ইনস্ট্রাক্টর, পিটিআই ইনস্ট্রাক্টর, উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিটিআই সুপারসহ প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.