সিলেটটুডে ডেস্ক | ৩১ আগস্ট, ২০১৫
খালে পড়ে ডুবে যাওয়ার সময় আট বছরের শিশুকে উদ্ধার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)'র ট্রাফিক বিভাগে কর্মরত এক পুলিশ কনস্টেবল। জানা যায়, রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে কনস্টেবল মো.মনির আহম্মদ দেখতে পান, ট্রাক টার্মিনাল এলাকায় খালে একটি ছেলে ডুবে যাচ্ছে। শুধুমাত্র তার হাতগুলো সেসময় দেখা যাচ্ছিল।
সেখানে উপস্থিত লোকজন কেউ শিশুটিকে উদ্ধারে আগ্রহ না দেখালে কনস্টেবল মনির ঝাঁপ দিয়ে খালে নেমে যান। শিশুটিকে উদ্ধার করে তিনি তীরে নিয়ে যান। শিশুটির নাম সাজ্জাদ হোসেন (৮)। সাজ্জাদ ওই এলাকার সাবেরের লেইনের শাহাদাৎ হোসেনের ছেলে। ছেলের খালে ডুবে যাওয়া এবং তাকে উদ্ধারের খবর পেয়ে দ্রুত সেখানে আসেন তার বাবা-মা। এসময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ কনস্টেবল মনিরের প্রতি কৃতজ্ঞতা জানান শিশুটির বাবা-মা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্মকর্তারাও। তারা কনস্টেবল মানবিক আচরণের প্রশংসা করেন। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে কনস্টেবল মনির শরীরে আঘাত পান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মো.মনির আহম্মদ নামের এই কনস্টেবলকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল। নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ জাহাঙ্গির আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মনির আহম্মদ সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর শাখায় কনস্টেবল পদে কর্মরত আছেন। রোববার সকালে তিনি বন্দর থানার নিমতলা ট্রাক টার্মিনাল এলাকায় কর্তব্যরত ছিলেন।