Sylhet Today 24 PRINT

চাপাতির কোপে এবার সাংবাদিক, পুলিশ বলছে আক্রমণকারীরা ছিনতাইকারী

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৫

রাজধানী ঢাকায় এক সাংবাদিকের ওপর চাপাতি দিয়ে আক্রমণের খবর পাওয়া গেছে। গত ছয় মাসে এ নিয়ে লেখক সাংবাদিকের ওপর আক্রমণের এটা ষষ্ঠ আক্রমণ। এর মধ্যে ব্লগার-লেখক ছিলেন পাঁচ জন। 

এর মধ্যে অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ, নিলয় নীল ঘটনাস্থলে প্রাণ হারান। ব্লগার-লেখক জহিরুল হক বাপী আক্রমণের সঙ্গে সঙ্গে দ্রুত সে স্থান ত্যাগ করতে সক্ষম হলে প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীরা তাঁকে ছাতা দিয়ে আঘাত করে, ছাতার সঙ্গে থাকা ধারালো বস্তুর আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। পেছন থেকে আরও দুইজন এগিয়ে আসলে তিনি দৌড় দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছিলেন।

গত সোমরার রাতে রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন স্টেশন এটিএন নিউজের এক সংবাদকর্মী।

হামলাকারীরা আকস্মিকভাবে চাপাতি নিয়ে তার উপর চড়াও হয়েছিল বলে জানান তিনি। তার নাম সাব্বির আহমেদ (২৫)।

এটিএন নিউজের রিপোর্টার সাব্বির সংবাদমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হামলার মুখে পড়েন তিনি।

“তিন যুবক আমাকে ঘিরে ধরে কোনো কথা না বলেই গলায় চাপাতি দিয়ে আঘাত করে। আমি চিৎকার করে ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দিই।”

সাব্বিরের চিৎকারে আশপাশের মানুষ সচকিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা সাব্বিরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। গলায় দুটি সেলাই লেগেছে তার, আঙুলও কেটেছিল। চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফিরেছেন সাব্বির।

হামলার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি সাব্বির। হামলাকারীরা তার কাছ থেকে কিছু ছিনিয়েও নেয়নি।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আদাবর থানার উপ-পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, “সাব্বির ভাই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। ওসি স্যার নিজে তাকে দেখতে গিয়েছেন।”

ওই ঘটনায় সাব্বির আদাবর থানায় লিখিত কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.