Sylhet Today 24 PRINT

রাস্তায় ও ডোবায় মিলল বিপুল পরিমাণ কুচি কুচি ছেঁড়া টাকা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার সড়ক ও সড়কের পাশের ডোবায় পড়ে আছে বিপুল পরিমাণ কুচি কুচি করে ছেঁড়া টাকা। এখানে ১০০, ৫০০ ও ১০০০ টাকার ছেঁড়া নোট আছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ও পাশের ডোবা থেকে এ সকল ছেঁড়া টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশের ডোবায় টাকার টুকরো ভাসছিল। এটা দেখে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেওয়া হয়। তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায়। ওই ডোবা থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে। এর দুই বস্তা আলামত হিসেবে পুলিশ এবং এক বস্তা র‌্যাব নিয়ে গেছে।

ওই ডোবায় ছেঁড়া টাকা তোলার কাজে ব্যস্ত শাহজাহান মণ্ডল বলেন, ২২ সেপ্টেম্বর রোববার সকালে স্থানীয় দুজন নারী বস্তায় করে টুকরো টাকা এখান থেকে সংগ্রহ করে পাশের গ্রামে নিজেদের বাড়িতে নিয়ে যান। জ্বালানি হিসেবে ব্যবহার করাই ছিল তাঁদের উদ্দেশ্য। এটা শোনার পর তিনিসহ বেশ কয়েকজন এখানে এসে দেখেন, ঘটনা সত্য। তবে বিষয়টি আজ পুলিশকে জানানো হয়।

ট্রাক থেকে টাকা ফেলার ঘটনার প্রত্যক্ষদর্শী জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাহিদ মিয়া বলে, ২১ সেপ্টেম্বর শনিবার রাতে সে মাছ ধরতে যাচ্ছিল। তখন সে দেখতে পায়, হলুদ রঙের একটি ট্রাক থেকে টাকা ফেলে দেওয়া হচ্ছে। সে তখন চালকের কাছে জানতে চায়, এত টাকা কোথা থেকে এল। চালক তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। মাছ ধরে ভোরের দিকে ফেরার সময় সে দেখে, দুজন রাস্তা থেকে বস্তায় করে টাকা নিয়ে যাচ্ছেন।

বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জগন্নাথ ঘোষ জানান, নষ্ট হয়ে যাওয়া বা বাতিল টাকার নোট কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী নষ্ট করে ফেলা হয়। আগে এসব নোট পুড়িয়ে ফেলা হত। কিন্তু পরিবেশ অধিদপ্তর বলেছে, তাতে পরিবেশ দূষণ ঘটে। তাই এখন ১০০ থেকে ১০০০ টাকার নোট মেশিনে কুচি কুচি করে কেটে ফেলা হয়। পরে আমরা তা পৌরসভার মাধ্যমে ফেলে দেওয়ার ব্যবস্থা করি।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, তাদের কাছে ১৮০০ বস্তা বাতিল নোটের টুকরো জমা আছে। তার মধ্যে ২৪০ বস্তা গত রোববার সন্ধ্যায় পৌরসভার ট্রাকে করে খাড়ুয়া ব্রিজের কাছে ফেলা হয়। এর মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার বাতিল নোট ছিল।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এখানে এসে উদ্ধার তৎপরতা চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.