Sylhet Today 24 PRINT

দুর্নীতির অভিযোগে ইউজিসি সচিবকে ওএসডি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসির পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যানের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কমিশনের বৈঠক সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার কমিটিতে ছিলেন সচিব মো. খালেদ। কিন্তু তার নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে তিনি কমিটিতে দায়িত্ব পালন করেন।

এই ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের সভায় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় কমিশন।

ইউজিসি সূত্রে জানা গেছে, নিয়োগে বিধিবহির্ভূত প্রভাব খাটানোর বিষয়ে কমিশনের মঙ্গলবারের সভায় অধিকতর তদন্তের জন্য দুই সদস্যের আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশন সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম শাহ্ নওয়াজ আলী, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.