Sylhet Today 24 PRINT

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ যাবে কলকাতায়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতের কলকালতায় পাঁচশ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয়।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। এটি রপ্তানির কোনো বিষয় নয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন, পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। এটা শুধুমাত্র একবারের জন্যই।

মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধুমাত্র পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.