Sylhet Today 24 PRINT

মেডিকেল ভর্তি পরীক্ষায় ঘড়িসহ সকল ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

আগামী ১১ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসেট, ক্যালকুলেটর, ঘড়ি, মেটালিক কলমসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেয়া নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সঙ্গে এক সমন্বয় সভা করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। সভায় এসব নির্দেশনাসহ বেশ কিছু নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গৃহীত ব্যবস্থার মধ্যে রয়েছে- পরীক্ষার দিন শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও পাশে অবস্থান করতে পারবেন না। ক্যাম্পাসে পরীক্ষার্থী ছাড়া অভিভাবকরা প্রবেশ করতে পারবে না। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সেইসঙ্গে প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টায় কেন্দ্র খুলে দেয়া হবে। কোনো অবস্থায় সকাল সাড়ে ৯টার পরে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। কেন্দ্র ইনচার্জ ছাড়া কেউ মোবাইল ফোন কাছে রাখতে পারবে না। কেন্দ্র ইনচার্জকে দেয়া হবে এ্যানালগ মোবাইল ফোন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থী শরীর তল্লাশি করে প্রবেশ করানো হবে। মেয়ে শিক্ষার্থীদের তল্লাশির ক্ষেত্রে থাকবে আলাদা তল্লাশি বুথ। তল্লাশি কাজে পুলিশের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্তে গৃহীত ব্যবস্থাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের ব্যবস্থা করা হবে।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, একটি ভালো মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ লক্ষ পরীক্ষার্থীর একদিনে পরীক্ষা নেয়ার অভিজ্ঞতা আমাদের আছে। এই মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন সমস্যা হবে না। আমাদের সিনিয়র অফিসাররা মাঠে থেকে তত্ত্বাবধান করে। আশা করি একটি চমৎকার পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা যোগ্য তারাই এই পরীক্ষার মাধ্যমে মেডিকেলে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও বলেন, ডিএমপি অতীতে যেভাবে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করেছে, সেভাবেই বর্তমানে ও ভবিষ্যতেও করবে। এটি আমাদের জাতীয় কাজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ নয়। ভর্তি পরীক্ষা সংক্রান্তে যে কোন গুজব বা প্রোপাগান্ডা প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটসহ তৎপর রয়েছে সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ যেন কোনো প্রকার গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের জনশৃঙ্খলা বিঘ্ন করতে না পারে সেদিকে সকলের কঠোর নজরদারি রাখার আহবান জানান।

সমন্বয় সভায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম মাকসুদুল আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব পরিচালক চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তরসহ মেডিকেল কলেজ  ও ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.