Sylhet Today 24 PRINT

ডেঙ্গুতে আরেক কৃষকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম (৪০)। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান।

সিরাজুল ইসলাম সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে। তিনি মাদারীপুরের শিবচরে থাকতেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, সিরাজুল গত রবিবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরিচালক জানান, গত পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হলো বলে জানান তিনি।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৭ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল জলিল সরদার নামে আরও একজনের মৃত্যু হয়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নারুয়াহাটি গ্রামে। তিনিও পেশায় কৃষক ছিলেন। এই নিয়ে ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪ জনে আর জেলায় নিহতের সংখ্যা ৬ জন।

প্রসঙ্গত, এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে দুই হাজার ৭১৯ জন । এর মধ্যে দুই হাজার ৭৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। বর্তমানে ভর্তি রয়েছে ২০২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় এ জেলাতে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছে ৩০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.