Sylhet Today 24 PRINT

শিগগিরই সম্রাটের বিষয়ে জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সম্রাট কোথায়, গ্রেপ্তার কি না–এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানে বলেছেন, সম্রাটের বিষয়ে শিগগিরই জানা যাবে। খুব শিগগিরই দেখতে পাবেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকেই আলোচনায় আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ সেপ্টেম্বর অভিযান শুরুর পর সম্রাট কয়েকদিন কাকরাইলে সংগঠনটির কার্যালয়ে ছিলেন। এরপর আর তাকে দেখা যায়নি। সম্রাট এখন কোথায় তা নিয়ে আছে নানা জল্পনা–কল্পনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগ নেতা সম্রাট হোক আর যেই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনবো। এখানে সম্রাট বলে কথা না, যে কেউ আইনের আওতায় আসবে। আপনারা শিগগিরই দেখবেন। অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর যখন পাবো তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, এখন আলাদা ধরনের কোনো অভিযান চলছে না। এ ধরনের পদক্ষেপ সব সময় নেওয়া হয়। তথ্যের ওপর ভিত্তি করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশের ওপর আস্থাহীনতার সৃষ্টি হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু অভিযানটির শুরু করেছে র‌্যাব এবং আমরা বলছি ক্যাসিনোতে অভিযান র‌্যাবই করবে।

মন্ত্রী বলেন, চলমান অভিযান কোনো শুদ্ধি অভিযান না। সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন, তাই করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.