Sylhet Today 24 PRINT

জামিন পেলে বিদেশ যাবেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থাকা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

হারুনুর রশীদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশ যাবেন। উনি আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন।

হারুনুর রশীদ বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা খুব বেদনাদায়ক, হাত ফুলে আছে, ব্যথা। নিজের খাওয়াটাও নিজের হাতে খেতে পারেন না। সঙ্গে যিনি আছেন, তিনি খাইয়ে দেন। তার পোশাকও আরেকজনকে পরিয়ে দিতে হয়। এ অবস্থায় তাকে জেলে বন্দি করে রাখাটা অত্যন্ত অমানবিক।

খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন বলে জানান সাংসদ হারুন। তারা খালেদা জিয়াকে দেশের অবস্থা, দলের অবস্থা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.