Sylhet Today 24 PRINT

আখাউড়ায় জালালাবাদ লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৯

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত  হয়েছে। এতে করে সিলেট ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে বগি সরিয়ে লাইন ঠিক করতে আরও ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে বলে ধারণা করছেন রেলকর্মীরা।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় হয়নি। এ পথে বেলা একটার আগে আর কোনও ট্রেন নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.