Sylhet Today 24 PRINT

‘শুদ্ধি অভিযানের লিড এজেন্সি র‌্যাব নয়’

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৯

দেশজুড়ে চলমান শুদ্ধি অভিযান প্রক্রিয়াটিতে সরকারের বিভিন্ন এজেন্সি জড়িত, এক্ষেত্রে র‌্যাব ফোর্সেস লিড এজেন্সি নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর বনানী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এই সামগ্রিক দুর্নীতিবিরোধী অভিযানে কিন্তু অনেক এজেন্সি জড়িত। আর এই অভিযানের লিড এজেন্সি র‌্যাব না। আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।

তবে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে সরকারের নির্দেশে যখন যেখানে প্রয়োজন হবে, তখনই অন্য প্রতিষ্ঠানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয়। এর সঙ্গে শুধুমাত্র র‌্যাব ফোর্সেস জড়িত না। প্রধানমন্ত্রী এবারের নির্বাচনী মেনিফেস্টোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, 'ক্যাসিনোর বিস্তারের দায় পুলিশের একার নয়' এ প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, এটা আসলে আমি জানি না, উনি বলেছেন কিনা। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

আপনারা জানেন, র‌্যাবের কিন্তু ম্যান্ডেট সীমিত। আমরা মাত্র সাতটা ম্যান্ডেট নিয়ে কাজ করি। আমাদের সর্বশেষ ম্যান্ডেট, সরকার যখন যা নির্দেশ দেবে। সুতরাং সরকার নির্দেশিত না হলে সাধারণত আমরা ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করি না।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি স্পেসিফিক কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আমরা ধৈর্য ধরি, সবকিছুর উত্তর পাবো। প্রধানমন্ত্রী দুর্নীতিবিরোধী যে উদ্যোগ নিয়েছেন এটা সুদূরপ্রসারী। সেটার জন্য আমরা অপেক্ষা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.