Sylhet Today 24 PRINT

জিসানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৯

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বহুল আলোচিত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বিষয়টি জানান। এর আগে বুধবার (২ অক্টোবর) রাতে জিসানকে গ্রেপ্তার করে ইন্টারপোল।

তিনি জানান, বাংলাদেশ পুলিশ সদর দফতরের এনসিবি শাখার উদ্যোগে ও এনসিবি (ইন্টারপোল) দুবাইয়ের সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এনসিবি দুবাই বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে।

যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জিসানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

সম্প্রতি দুর্নীতি বিরোধী অভিযানে দুই যুবলীগ নেতা জিকে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের পর জিসানের নাম আলোচনায় আসে। তাছাড়া সরকারের পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম তিনি।

২০০৩ সালে মালিবাগের একটি হোটেলে দুজন ডিবি পুলিশকে হত্যার পর আলোচনায় আসেন জিসান। ২০০৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সে দেশ ছেড়ে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।

আইনশৃঙ্খলা-বাহিনী সূত্রে জানা যায়, ২০০৫ সালে পালিয়ে ভারতে প্রবেশ করে জিসান। এরপর নিজের নাম পরিবর্তন করে আলী আকবর চৌধুরী নামে পাসপোর্ট সংগ্রহ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.