সিলেটটুডে ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০১৫
সনাতন হিন্দু ধর্মের প্রাণপরুষ পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে “সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আয়োজনে ২’দিন ব্যপী জন্মাষ্টমী উৎসব শুক্রবার থেকে শুরু হয়েছে।
মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে ২’দিন ব্যপী আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে সকাল ৮.৩০মিঃ সমবেত প্রার্থনা, সকাল ১০.০০ মিঃ সমবেত গীতাপাঠ, বেলা ২.০০মিঃ শিশু কিশোরদের গীতাপাঠ প্রতিযোগীতা, বিকাল ৪.০০ মিঃ চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বিকাল ৫.৩০ মিঃ কীর্তন প্রতিযোগীতা ও রাত্রি ৮.০০ টায় হবে সমবেত প্রার্থনা।
শনিবার জন্মাষ্ঠমী উৎসবের মূল পর্বে রয়েছে সকাল ৯.৩০ মিঃ প্রতি বছরের ন্যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য নগর পরিক্রমা।
সিলেটে কেন্দ্রীয়ভাবে এই নগর পরিক্রমায় বিভিন্ন পাড়া মহল্লা ও মন্দির থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ নির্বিশেষে সকল ভক্তবৃন্দ এতে অংশ নিবেন। মনিপুরি রাজবাড়ী সম্মুখভাগ থেকে বর্ণাঢ্য এই নগর পরিক্রমা শুরু হবে। সকাল ১১.৩০ টায় “সমন্বয়ের অবতার ভগবান শ্রীকৃষ্ণ” বিষয়ক ধর্মসভা অনুষ্টিত হবে।
ধর্ম সভায় বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। মধ্যাহ্ন ২.০০ টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাত্রি ৮.৩০মিঃ সিলেটের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত্রি ১০.০০ থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজা শুরু হয়ে রাত ১২.০১ মিঃ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে ঊলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে ২দিন ব্যাপী অনুষ্ঠান সমাপ্তি হবে।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট ১৪২২ বাংলার আহ্বায়ক বিরাজ মধাব চক্রবর্তী মানস ও সদস্য সচিব বিজয় কৃষ্ণ বিশ্বাস জন্মাষ্টমী উৎসবের প্রতিটি অনুষ্ঠানে ভক্তপ্রাণ সকলের অংশগ্রহণ ও সহযোগীতা একান্ত ভাবে কামনা করেছেন।
এদিকে এক বিবৃতিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য এবং সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট বিমান চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত , পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসী সহ সিলেট জেলা ও মহানগরের সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং উপজেলা ও মহানগরের জন্মাষ্টমীর প্রতিটি আয়োজনের সফলতা কামনা করেন।