Sylhet Today 24 PRINT

বন্যা মোকাবিলায় খনন করা হচ্ছে ৪৪৮টি নদী-খাল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বন্যা মোকাবিলায় দেশের ৬৪ জেলার ৪৪৮টি নদী ও খাল খনন করা হচ্ছে। আরও ৫শ নদী ও খাল খননের প্রকল্প হাতে নেওয়া হবে। এগুলো বাস্তবায়ন হলে দেশে আগামীতে বন্যার প্রভাব কমবে।

শনিবার (৫ অক্টোবর) সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাশের দেশের অতিবৃষ্টির পানি আমাদের দেশের নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু নদী ও খালে নাব্য না থাকায় ওই পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। এ কারণে দেশের নদী ও খালের নাব্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় ৪৪৮টি নদী ও খাল খনন করা হচ্ছে।

তিনি বলেন, দ্বিতীয় দফায় আরও ৫শ নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে আগামীতে বন্যায় ক্ষতি তুলনামূলক কমবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে বরিশাল ক্লাব মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সুবিধাবঞ্চিত ৬০ মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। বেসরকারি সংস্থা আশার উদ্যোগে প্রতিজনকে ১১ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.