সিলেটটুডে ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৫
হজ নিয়ে করা নিজের মন্তব্য ভুল ছিলো না বলে দাবি করেছেন সদ্য পদত্যাগী সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি দাবি করেন, 'পবিত্র হজ পালনের বিষয়ে নিয়ে আমার মন্তব্য ভুল ছিল না। তবে আমার বিরুদ্ধে অপপ্রচার ছিল।'
শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সামনে এই দাবি করেন।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করেই মন্ত্রিত্ব খোয়ান লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের সদস্য পদ হারিয়ে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। কারাভোগও করতে হয় কিছুদিন।
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত হয়েছিলেন তাই তিনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। সেটা হলো যান্ত্রিক দূরে সরানো। আমি মনে করি না শেখ হাসিনা আমাকে অন্তর থেকে দূরে সরিয়েছেন।’
দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, সমষ্টিগতভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে তিনি তার প্রতি সম্মান দেখিয়েছেন।
নিজ আসনে উপনির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য তো ১৬ কোটি মানুষ হয় না। তিন শ আসন মাত্র। নেত্রী যাকে সমর্থন দেবে আমি ও আমার সমর্থকদের বলব তাকে সমর্থন করতে।’
এর আগে তিনি বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, কালিহাতী আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ, আনোয়ার হোসেন মোল্লা, ঝিন্টু সিদ্দিকী, আলী আকবর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।