Sylhet Today 24 PRINT

সাধারণ বন্দি সেলে যুবলীগের সম্রাট

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৯

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার রাত সোয়া আটটার দিকে তাকে কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সাধারণ বন্দি হিসেবে কারাগারে রাখা হয়েছে বলে জানান এই কারাকর্মকর্তা।

উল্লেখ্য, রোববার ভোরের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র‍্যাব। পরে তাদের ঢাকায় এনে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে সম্রাটের কাকরাইলের কার্যালয়ে ক্যাঙারুর দুটি চামড়া পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

এ ছাড়া মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও সম্রাটকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণেও ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.