Sylhet Today 24 PRINT

ভিন্ন মতের মানুষকে মেরে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলা হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এটি করেছে, তাদের কোনও ছাড় নেই।

সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রোববার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

আবরার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

অভিযোগ রয়েছে, রোববার রাতে হলের ১০১১ নম্বর কক্ষ থেকে কয়েকজন ছাত্র আবরারকে ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা বলেছি। কারা এবং কোন হুজুগে এই কাজটি করেছে, তা খুঁজে বের করতে বলেছি। এ ঘটনায় অভিযুক্তদের যেন কোনও ছাড় দেওয়া না হয়, তার নির্দেশনা দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.