Sylhet Today 24 PRINT

ধীর গতিতে চলছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া

বিবিসি বাংলার প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাবার চেষ্টা করতে গিয়ে আটকা পড়েছিলেন, তাদের অনেকেই এখনো দেশে ফিরতে পারেন নি।

এই অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে সাতশোরও বেশি লোক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমারে উদ্ধার হবার পর এখনো চারটি দেশের কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা আই ও এম -এর কর্মকর্তারা বলছেন, ফেরত আনার প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নাগরিকত্ব যাচাই বাছাই এর কারণে এই দেরি হচ্ছে।

সমুদ্রপথে বিদেশ যাওয়ার সময় বিভিন্ন দেশে উদ্ধার বাংলাদেশি নাগরিকদেরদের দ্রুত ফেরত আনার কথা বলা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তবে এখনও বিভিন্ন দেশে ক্যাম্পে সাতশ’র বেশি বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায়।

বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কর্মকর্তা আসিফ মুনির জানিয়েছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমার-এই চারটি দেশে গত মে ও জুন মাসে উদ্ধার হওয়া বাংলাদেশীর সংখ্যা ২৫৯০ জন।

এর মধ্যে ১৮৮০ জন দেশে ফেরত এসেছে। বাকি ৭১০ জন এখনও ঐ চারটি দেশে রয়েছে। আইওএম এর ঐ কর্মকর্তা উল্লেখ করেছেন, এখন বাকিদের দেশে ফেরত আনার কাজে কিছুটা ধীরগতিতে চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন দেশে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে যাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের বাড়িতে গিয়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সময় লাগছে।

তবে, ইন্দোনেশিয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যে, ১৫ জন বাংলাদেশী শরণার্থী শিবির পালিয়ে গেছে।

তবে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন বলেছেন, “বিষয়টি বড় কিছু নয়। বাংলাদেশিদের যেখানে রাখা হয়েছে, সেখান থেকে পাঁচ বা ছয়জন এক-দু’দিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকতে পারে। হয়তো তারা চলে আসবে।”

রাষ্ট্রদূত আরও বলেছেন, বিষয়টি নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষও বাংলাদেশকে কিছু জানায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.