Sylhet Today 24 PRINT

সমাজকল্যাণমন্ত্রী গুরুতর অসুস্থ, সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলীকে (৭০)। শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সেখানে নেওয়া হয়।

এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় বারডেমে লাইফ সাপোর্টে ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তবে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

সঙ্গে স্ত্রী ও ছোট মেয়ে থাকবেন বলেও জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

মহসিন আলীকে নিয়ে যাওয়ার জন্য সকাল পৌনে দশটার কিছু আগে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছে।

এর আগেও বাইপাস সার্জারি হয়েছে সৈয়দ মহসিন আলীর। এছাড়াও তিনি ডায়াবেটিসে ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.