Sylhet Today 24 PRINT

বিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছেন বুয়েট ভিসি

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৯

বুয়েটের সকল ভবনে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা মেরে দেবে, এমন হুমকির পর তাদের সঙ্গে আলোচনায় বসছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় শিক্ষার্থীদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান জানিয়েছেন।

এছাড়াও বেলা ১১টার দিকে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে একই তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সচিব কামরুল হাসান বলেন, “শিক্ষার্থীদের কয়েক দফা দাবির মধ্যে উপাচার্য স্যারের জবাবদিহির বিষয়টি রয়েছে। শিক্ষার্থীদের সব প্রশ্নের জবাব দিতে শুক্রবার বিকাল পাঁচটায় তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তাব পাঠানো হয়েছে। বুয়েটের একজন শিক্ষকের মাধ্যমে এ প্রস্তাব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়েছে।”

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বুয়েট ভিসি সাংবাদিকদের ছাড়া আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা সাংবাদিকদের ছাড়া আলোচনায় বসবেন না বলে জানিয়েছিলেন। পরে সাংবাদিকদের নিয়েই আলোচনায় বসতে রাজি হন বুয়েট উপাচার্য।

গত রোববার রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েন উপাচার্য সাইফুল ইসলাম। এছাড়া বুয়েটে আবরারের জানাজায় অংশ না নেওয়া ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা না করায় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সামনে গিয়ে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি। ওই দিন তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা তালাবন্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

পরদিন কুষ্টিয়ায় আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেও এলাকাবাসীর প্রতিবাদের মুখে অধ্যাপক সাইফুলকে ফিরে আসতে হয়।

দায়িত্বে ‘ব্যর্থতার জন্য’উপাচার্যের পদত্যাগ চেয়ে আসছে বুয়েট শিক্ষক সমিতি এবং বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১০ দফা দাবিতে এখনোও আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণের ব্যাপারে আশ্বাস না দিলে বুয়েটের বিভিন্ন ভবনে শিক্ষার্থীদের তালা মারার আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে আলোচনার প্রস্তাব দেন বুয়েট উপাচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.