Sylhet Today 24 PRINT

উবার চালকদের ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৯

উবার কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে বাংলাদেশে উবারের চালকদের দুটি সংগঠন রোববার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আট দফা দাবিতে এসময় তারা গাড়ি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কর্মসূচি দিয়েছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন ও বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভ আহমেদ বলেন, উবারের অ্যাপ ব্যবহার করে চলাচলকারী মোটরকার ও মোটরসাইকেল এ কর্মসূচির আওতায় থাকবে। তিনি আরও বলেন, এ কর্মসূচির পর দাবি না মানলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবিগুলো হলো- ট্রিপ শুরু করার পর থেকে ট্রিপ শেষ করা পর্যন্ত কিলোমিটার ও মিনিট হিসাব করে ভাড়া দিতে হবে, উবারের কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করতে হবে, গ্যাসের দাম বাড়ার কারণে ভাড়ার হার বাড়াতে হবে, ডেস্টিনেশন অপশনে ডেস্টিনেশনের আশপাশে ট্রিপ দিতে হবে, চালকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাত্রীদের দ্বারা গাড়ির কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, যাত্রীদের করা অভিযোগ যাচাই না করে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না, যাত্রীর একাউন্টে যাত্রীর ছবি থাকা বাধ্যতামূলক করতে হবে, যাত্রীকে লোকেশন সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ দিতে হবে, চালকের সঙ্গে যাত্রীর সংযোগ দূরত্ব সর্বোচ্চ দুই কিলোমিটার করতে হবে।

ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, দাবিগুলো নিয়ে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। তিনি বলেন, আমরা এর আগে উবারের ঢাকা অফিসে দুদফা গিয়েছিলাম। উত্তরায় তাদের অফিসের সামনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

‘তারা বলেছে, উবারের সব সিদ্ধান্ত ভারত থেকে আসে, এখানে তাদের পক্ষে কিছুই করার নেই।’

বাংলাদেশে উবারের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের পরিচালক এ এস এম আসাদুজ্জামান বলেন, বিষয়টি তারা উবারকে জানিয়েছেন। আরও অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা উবার কর্তৃপক্ষকে জানিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.