কোকোর মরদেহ আসছে সোমবার, প্রত্যাহার হতে পারে হরতাল
আজ রাতে ২০ দলীয় জোট বৈঠক করে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে
সিলেট টুডে ডেস্ক | ২৪ জানুয়ারী, ২০১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদহে সোমবার দেশে আসছে। রোববার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় কোকোর প্রথম জানাজা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, কোকো'র মৃত্যুতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবার ভোর ৬টা থেকে দেশব্যাপি টানা ৩৬ ঘন্টা হরতাল কর্মসূচি প্রত্যাহার হতে পারে বলে জানা গেছে।
শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন কোকো।
এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ায় যাচ্ছেন। শনিবার দিবাগত রাতে তিনি মালয়েশিয়ায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। রোববার জানাজায় তারেক রহমান অংশগ্রহণ করবেন।
প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। থাইল্যান্ড যাওয়ার পর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান কোকো। এরপর থেকে তিনি মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন।
এদিকে আজ রাতে ২০ দলীয় নেতারা পারস্পরিক আলোচনার পর হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, রোববার মালয়েশিয়া থেকে কোকোর লাশ দেশে আনার পর বিভিন্ন স্থানে জানাজা, দাফন ও মিলাদে সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে হরতাল প্রত্যাহার করা হতে পারে। পুত্রশোকে কাতর খালেদা জিয়ার পক্ষে এই মুহূর্তে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা অন্য কিছু ভাবা সম্ভব নয়- বিবেচনায় নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারাই জোট শরিকদের সঙ্গে আলোচনার পর রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.