Sylhet Today 24 PRINT

ভোলায় সংঘাত: হ্যাকারকে চিহ্নিত করতে সহায়তা করেছে ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৯

ভোলার বোরহানউদ্দিনে সংঘাতের ঘটনায় বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডির হ্যাকারকে চিহ্নিত করতে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়,  যুক্তরাষ্ট্র থেকে তথ্য পাওয়ার পর বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেসবুক একাউন্ট যিনি হ্যাক করেছিলেন তাকে সনাক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপ বলেন, ওই হ্যাকারকে ধরতে এখন অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে তার নাম-পরিচয় প্রকাশ করা হবে।

বিপ্লবের ফেসবুক একাউন্ট বেহাত হবার পর মেসেঞ্জারের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হয়। সেসব বার্তার স্ক্রিনশট পরে ছড়িয়ে দিয়ে বোরহানউদ্দিন উপজেলায় ধর্মীয় উন্মাদনা তৈরি করা হয়। একে কেন্দ্র করে ২০ অক্টোবর সকালে প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় চার জন নিহত হন।

দুষ্কৃতিকারীরা সেদিন দুপুরে বোরহানউদ্দিন সদরে হিন্দু অধ্যুষিত এলাকাতেও গিয়ে হামলা চালায়। অন্তত ১২টি বাড়ি ও একটি মন্দিরে ভাঙচুর করে তারা।

সেদিন পুলিশের পক্ষ থেকে বলা হয়, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত রাফসান ইসলাম শরীফ ও মো. ইমন নামে দুই জনকে আটক করেছেন তারা। ফেসবুক একাউন্ট ফিরে পেতে পটুয়াখালী থেকে ফোন করে বিপ্লবের কাছে দুই হাজার টাকা দাবি করেছিলেন শরীফ। ওই ফোনের সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

খবর: দ্য ডেইলি স্টার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.