Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যা মামলার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৯

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘এই রায়ে প্রমাণিত হল, অপরাধী যে-ই হোক না কেন, সাজা পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক।’

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য তিনি।

আইনমন্ত্রী বলেন, নুসরাত হত্যা মামলায় ১৬ জনের মধ্যে ১২ জন স্বীকারোক্তি দিয়েছে। বিচারক মনে করেছেন, সবাই সমান অপরাধী, তাই ফাঁসির রায় দিয়েছেন। রায়ের সাত দিনের মধ্যে হাই কোর্টে কাগজপত্র আসবে। কাগজপত্র এলে সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশা রাখি।

এছাড়াও নুসরাতের পরিবারকে যতদিন প্রয়োজন, ততদিন নিরাপত্তা দেওয়া হবে। কোনো কুচক্রী মহল হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা আশা করবো, নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও তড়িৎগতিতে সম্পন্ন হবে। জনগণকে আমরা এ বার্তা দিতে চাই, যে যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।

আনিসুল হক বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শেখ হাসিনার সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার পাওয়ার সংস্কৃতিতে এ জাতিকে ফিরিয়ে এনেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.