Sylhet Today 24 PRINT

শিক্ষার মান নিশ্চিত করতে না পারায় ৫ প্রাইভেট ভার্সিটি বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

শিক্ষার মান নিশ্চিত করতে না পারা এবং সাময়িক অনুমতি পত্রের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অবৈধ ঘোষিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

এর মধ্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উচ্চ আদালতে মামলা করে নিজেদের পক্ষে রায় পাবার পর শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করেছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে শিক্ষার মান নিশ্চিত করতে না পারায় ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে অবৈধ ঘোষণা করা হয়।

এর মধ্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উচ্চ আদালতে মামলা করে নিজেদের পক্ষে রায় পাবার পর সরকার কর্তৃক এসআরও প্রত্যাহার করায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কুইন্স ইউনিভার্সিটি নিজেদের পক্ষে রায় পেলেও এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি পায়নি।

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করে স্টে অর্ডার নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

তবে বন্ধকৃত কুমিল্লা ইউনিভার্সিটি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি’র যৌথ সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা থাকা সাপেক্ষে অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যায়নের সুযোগ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.