Sylhet Today 24 PRINT

লোকমান ও সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ অক্টোবর) এ মামলা করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

দুদক জানায়, মামলায় লোকমানের বিরুদ্ধে চার কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ এবং সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতে লোকমানকে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আর ৩০ সেপ্টেম্বর (সোমবার) গ্রেপ্তার হন সেলিম প্রধান। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক ও পুলিশ সূত্র জানায়, অনলাইন ক্যাসিনো থেকে আয়ের টাকা জাপানসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে সেলিম প্রধানের বিরুদ্ধে। গুলশানে একটি স্পা সেন্টারের মালিকও তিনি। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ আছে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। সেলিম প্রধান বাংলাদেশে পরিচালিত অনলাইন ক্যাসিনোর কান্ট্রি প্রধান। বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ারও তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.