Sylhet Today 24 PRINT

ঢাকা দক্ষিণ সিটির ২১ কাউন্সিলরকে ‘শো কজ’ নোটিস

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটির বেশি সভায় অনুপস্থিত থাকার কারণে ২১ কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিস পাঠানো হয়েছে।

তাদের মধ্যে ১৯ জন ওয়ার্ড কাউন্সিলর আর দুজন সংরক্ষিত নারী কাউন্সিলর। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের চিঠির জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) এ নোটিস পাঠানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোস্তফা কামাল মজুমদার বলেন, আজ আমরা নোটিস পাঠিয়েছি। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, কোনো মেয়র অথবা কাউন্সিলর পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাকে অপসারণ করা যাবে।

দক্ষিণ সিটির কর্মকর্তারা জানান, কাউন্সিলররা নির্বাচত হওয়ার পর এখন পর্যন্ত ২০টি সভা হয়েছে। এর মধ্যে ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু ১৫টি সভাতেই অনুপস্থিত ছিলেন। ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসান ছিলেন না ১৪টি সভায়।

১২টি সভায় অনুপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তবা জামান।

১১টি সভায় অনুপস্থিত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম সজীব এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আশ্রাফুজ্জামান ১০টি সভায় অংশ নেননি। এছাড়া ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন ৯টি সভায় অনুপস্থিত ছিলেন।

৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল এবং ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসীম উদ্দিন আহমেদ ৮টি করে সভায় অনুপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.