Sylhet Today 24 PRINT

বারবার মোবাইল সিম পরিবর্তন করে পুলিশকে এড়িয়ে চলেছেন শাহাদাত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় এখন পলাতক জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। তাকে ধরতে একাধিক অভিযান পরিচালিত হলেও সফল হতে পারেনি পুলিশ বাহিনী।

শাহাদাত ও তার স্ত্রীকে খুঁজতে সম্ভাব্য অন্তত সাতটি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি।

নিজের অবস্থান আড়াল করতে কয়েকবার মোবাইল ফোন ও সিম কার্ড পরিবর্তন করেছেন শাহাদাত।

মিরপুরের উপ পুলিশ কমিশনার কাইয়ূম উজ জামান জানিয়েছেন, পুলিশের চোখ এড়াতে বার বার নিজেদের অবস্থান পরিবর্তন করছেন শাহাদাত এবং তার স্ত্রী।

তাদের অবস্থান নিশ্চিত হতে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে বলে জানা গেছে। শাহাদাত ও তার স্ত্রী বার বার মোবাইল সেট ও সিম পরির্তন করায় পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়েও তাদের আটক করতে পারেনি।

তবে শাহাদতের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বা তার পরের দিন শাহাদাত আদালতে আত্মসমর্পণ করতে পারেন।

শাহাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী মাকছুদা আকতার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে রোববার রাতে মামলা হয়েছে। তখন থেকেই শাহাদাত এবং তার স্ত্রীকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।

মামলার বাদী সাংবাদিক মোজাম্মেল হক রোববার সন্ধায় আহত অবস্থায় হ্যাপিকে উদ্ধার করেন। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের দাগ দেখতে পেয়ে থানায় নিয়ে যান। মামলার পরে পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.