Sylhet Today 24 PRINT

শিক্ষার ওপর ভ্যাট কেন অবৈধ নয়?

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ভ্যাট আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম সালাউদ্দিন খান।

চলতি মাসের ২ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ’র দু’শিক্ষার্থী।

চার সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষা সচিব, এনবিআর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করারোপ করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করারোপ করা হয়নি। এটা বৈষম্যমূলক।

উল্লেখ্য ছরতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার। প্রথম থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.