Sylhet Today 24 PRINT

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে রোহিঙ্গা তরুণী আটক

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৯

পাসপোর্টে শিবচরের ঠিকানা ব্যবহার করে এক রোহিঙ্গা তরুণী ভারত গিয়ে আবার বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা জয়নগর চেকপোস্টে পুলিশের হাতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচর থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করেন। এর আগে বুধবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে  শিবচর থানায় হস্তান্তর করেন।  

শিবচর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট সাহানা আক্তার (২৩) নামের এক রোহিঙ্গা তরুণী দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে যায়।

পরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের বর্ডার ইমিগ্রেশন দিয়ে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট এর মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ ওই তরুণীর কথাবার্তায় মায়ানমারের আঞ্চলিক ভাষার টান পায়। পরে পুলিশ তাকে আটক করে ।

রোহিঙ্গা তরুণী সাহানা আক্তারের পাসপোর্টে তার পরিচয় মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রাম উল্লেখ করা হয়েছে। পাসপোর্টে তার বাবার নাম বাবুল দরানী ও মায়ের নাম নিলুফা বেগম ও জন্ম তারিখ ১৪ জুন ১৯৮৯ উল্লেখ রয়েছে। পাসপোর্টটি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইস্যু করা হয় যার মেয়াদোত্তীর্ণ হবে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি।

আবার তার কাছে পাওয়া বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা পরিচয়পত্রে তার নাম আজিদা, বাবার নাম আব্দুল খালেক, মায়ের নাম লালু ও জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯৯ উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.