Sylhet Today 24 PRINT

সুন্দরবনের শান্তিপূর্ণ পরিস্থিতি ধরে রাখার প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৯

সুন্দরবনের যে শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেকোনো মূল্যে তা ধরে রাখবো। যারা সুন্দরবনে দস্যুতা করার চেষ্টা করছেন তাদের কাউকেই ছাড় দেবো না।

শুক্রবার (১ নভেম্বর) বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যারা বিপথগামী পথ থেকে ফিরে আসছেন তাদের প্রতি আমাদের সু-দৃষ্টি রয়েছে। তাদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় র‍্যাবের তালিকা অনুযায়ী আত্মসমর্পণকারী দস্যুদের মামলা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র কুমার ত্রিপুরা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.