Sylhet Today 24 PRINT

খাগড়াছড়িতে গাছে ঝুলন্ত অবস্থায় আ.লীগ নেতার লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৯

খাগড়াছড়ির দীঘিনালায় গাছে ঝুলন্ত অবস্থায় মো. শাকিল হোসেন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকার একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল হোসেন দীঘিনালার মেরুং ইউনিয়নের শহীদ জব্বারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন জানান, আওয়ামী লীগ নেতা শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান। রাত ১০টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আমগাছে শাকিল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.