Sylhet Today 24 PRINT

দুদক কার্যালয়ে সাকিব আল হাসান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আইসিসির সংশ্লিষ্ট ইউনিটে রিপোর্ট না করার কারণে একবছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্যে ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন। রোববার সকাল সাড়ে দশটার দিকে দুদকে গিয়েছিলেন তিনি। সেখানে ছিলেন প্রায় আধ ঘণ্টার মতো।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি নিশ্চিত করেছেন।

প্রণব কুমার জানান, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন সাকিব। তিনি বলেন, ‘দুদকের শুভেচ্ছাদূত হিসেবে সময় পেলেই আসেন সাকিব। বিশেষ কোনো বিষয়ে আসেননি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং প্রতিরোধ ও অণু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। সাকিব নিষিদ্ধ হওয়ার পর দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিব কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। দুদক সব সময় তার পাশে আছে।’

এর আগে গত ৩১ অক্টোবর সাকিবকে নিয়ে দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। কিন্তু একই সঙ্গে সে ভুল স্বীকার করেছে, তার মধ্য দিয়ে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছে। দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সঙ্গে কাজ করেছে। সে তরুণদের আইডল। আশা করি আগের মতোই আমরা সাকিবকে পাশে পাব।’

গত ২৯ অক্টোবর জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষিদ্ধ করেছে আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.