Sylhet Today 24 PRINT

পাপন বাংলাদেশের কোথাও ক্যাসিনোতে খেলেননি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার ভিডিওটি বিদেশের। তিনি হয়তো সেটা বিদেশে খেলেছেন। আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনোতে খেলেননি।'

রোববার (৩ নভেম্বর) সচিবালয় ভিত্তিক সাংবাদিক সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন।

ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সম্প্রতি ক্যাসিনো খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তাকেও (পাপন) আইনের আওতায় আনা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনোতে খেলেননি। তিনি বিদেশে খেলেছেন, ফলে বিষয়টিকে সেভাবে নেওয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ক্যাসিনোর বিষয়ে কেউ এখানে ছাড় পাচ্ছে না। আমরা এ পর্যন্ত যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তারা মূলত ক্যাসিনো ব্যবসার উৎপত্তি ঘটিয়েছে। যারা ক্যাসিনো ব্যবসা লিড দিচ্ছে, তাদেরকে প্রথমে গ্রেপ্তারের চেষ্টা করেছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.