Sylhet Today 24 PRINT

চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৯

শীতের আগে চলতি নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার অধিদপ্তরের উপ-পরিচালক মাহনাজ খান বলেন, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টায় লঘুচাপের এলাকা আরও বাড়তে পারে।

এদিকে কার্তিকের মাঝামাঝি দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমছে।

রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্জিকার হিসাব ধরে শীত আসতে এখনও দেড় মাস বাকি। ডিসেম্বরেই শীতের প্রকোপও বাড়বে।

আবহাওয়াবিদরা জানান, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতালু ভাব বাড়বে। এখন উত্তুরে হাওয়া না বইলেও কার্তিকে ঝিরঝিরে বৃষ্টি ঠাণ্ডার অনুভূতি বাড়াতে পারে। হেমন্তে সন্ধ্যা-রাত ও ভোরে কুয়াশা থাকা বা হালকা বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.