Sylhet Today 24 PRINT

টেন্ডার : নতুনদের কাজ করার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৯

টেন্ডারের মাধ্যমে নতুনদের কাজ করার সুযোগ করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মাধ্যমে এমনভাবে টেন্ডার ডকুমেন্ট ও প্রক্রিয়া করতে হবে যেন নির্দিষ্ট বড় বড় ঠিকাদার (কোম্পানি) বারবার কাজ না পায়।

একই সাথে এ বিষয়ে প্রয়োজন হলে বিধি-বিধান আরও যাচাই-বাছাই করার জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর ফয়জুল্লাহকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ নভেম্বর) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পের কাজ শেষ হয়েছে অথচ লোকবলের কারণে বা অন্য কারণে অপারেশন করা হচ্ছে না- এমন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে হবে।’

তিনি বলেন, ‘গ্রামীণ ছোট নদীতে ক্যাবল স্ট্রেনথ ব্রিজ করতে হবে। যাতে নদীতে বেশি পিলার না লাগে এবং নাব্যতা বাধাপ্রাপ্ত না হয়। ব্রিজ এমনভাবে করতে হবে যাতে নিচ নিয়ে নৌযান চলাচল করতে পারে। প্রয়োজনে যত্রতত্র ব্রিজ করা যাবে না। অতিরিক্ত আঁকাবাঁকা নদী লুব কাটিং করে সোজা করতে হবে।’

সভায় কার্যক্রমে অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরূল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.