Sylhet Today 24 PRINT

শিক্ষকদের উদ্দেশে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০১৫

২৪ ঘন্টার মধ্যে অর্থমন্ত্রীকে ক্ষমা চাইতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই সংবাদ সম্মেলনে ডেকে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে তা প্রত্যাহার করে নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জরুরী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "শিক্ষকদের জ্ঞানের অভাব আছে এটা বলে ঠিক হয়নি, তিনি বুঝাতে চেয়েছেন শিক্ষকরা না জেনেই আন্দোলন করছেন।

অর্থমন্ত্রী বলেন, 'আমি যেভাবে বক্তব্য দিয়েছি তাতে অবশ্যই শিক্ষকদের মানহানি হয়েছে। আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্য যেভাবে সংবাদ মাধ্যমে এসেছে তা অনভিপ্রেত। আমি চাই এই বিষয়ে ভুল বোঝাবুঝির সমাপ্তি হোক।'

তিনি আরও বলেন, 'আমি বলেছিলাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অকারণে আন্দোলন করছেন। দেশের সবচেয়ে শিক্ষিত গোষ্ঠি সরকারি সিদ্ধান্ত না জেনেই আন্দোলন করছেন। তারা বেতন ভাতার সব বিষয়ে সম্পূর্ণ না জেনেই আন্দোলন করছেন। কেবিনেট বৈঠকের আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন শুরু করেছিলো।'

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একক বেতন স্কেল করা হয় উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন ভাতার কথা আমি বলেছিলাম। কিন্তু বেতন কমিশনের পক্ষ থেকে বলা হয়, বেতন স্কেল একটি হওয়াই ভালো।' তবে শিক্ষকদের বেতন কখনোই প্রশাসনিক কর্মকর্তাদের সমকক্ষ ছিলো না বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.