সিলেটটুডে ডেস্ক | ১২ নভেম্বর, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের জন্য চালকের সিগন্যাল না মানাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
মন্দবাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে সর্তক সংকেত লাল বাতি ছিল। কিন্তু তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খানও একই কথা জানিয়েছেন। তূর্ণা নিশীথা এক্সপ্রেসের ভেতরে থাকা এক যাত্রী সোহেল কাজী বলেন, উদয়ন এক্সপ্রেস অন্য লাইনে ঢোকার আগেই বিপরীত দিক থেকে আসা তূর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে তিনটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
প্রসঙ্গত, সোমবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম ও তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছিল। মন্দভাগ রেল স্টেশনের কাছে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়।