Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা মোদি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৯

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে বাংলাদেশ হাইকমিশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ মার্চ ২০২০ সালে। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ‘মুজিব বর্ষ’।

এই অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশিষ্টজনদের পাশাপাশি বিপুলসংখ্যক ভারতীয় নেতা অংশ নেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ করা হয়েছে জানিয়ে মুয়াজ্জেম আলী বলেন, ‘ভারতের অনেক মুখ্যমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লি, কলকাতা এবং আগরতলায়ও অনুষ্ঠান হবে। আমাদের মিশন বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে।’

পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না জানিয়ে ঢাকার কর্মকর্তারা বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানের জন্য অন্তত ৩০ জন বৈশ্বিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডজনখানেক ইতোমধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।’

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী ফোনে দ্য হিন্দুকে বলেন, বাংলাদেশ ও ভারত ছাড়াও লন্ডন, নিউইয়র্ক, টোকিও এবং মস্কোতেও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ২০২০ সালের কলকাতা গ্রন্থমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। সেখানে যৌথ প্রকাশনার ব্যবস্থা থাকবে। আয়োজন করা হবে মিডিয়া সম্মেলন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সেমিনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.