Sylhet Today 24 PRINT

২০ লাখ টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

বগুড়ায় ভুলে রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফেরত পেলেন সার ব্যবসায়ী। টাকা ফিরে পাওয়ার পর উপহার হিসেবে রিকশাচালককে একটি নতুন রিকশা কিনে দিলেন টাকার মালিক। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় জেলার নন্দীগ্রাম যেতে বগুড়া সদরের জলেশ্বরীতলা থেকে সার ব্যবসায়ী রাজীব প্রসাদ রিকশাযোগে সাতমাথায় নামেন। এসময় তার কাছে থাকা ২০ লাখ টাকার ব্যাগ ভুলে রিকশায় ফেলে চলে যান।

পরে মনে হলে তিনি রিকশাচালককে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন। থানা পুলিশ খবর পেয়ে রিকশাচালককে খোঁজ করতে থাকে। অপর দিকে টাকার ব্যাগ পাওয়া রিকশাচালক শহরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে লাল মিয়াও(৫৫) শহরের বিভিন্ন স্থানে টাকার মালিককে খুঁজতে থাকে।

টাকার মালিককে না পেয়ে লাল মিয়া টাকাগুলো বাড়িতে রেখে আবারো টাকার মালিক রাজীব প্রসাদকে খুঁজতে থাকে। এদিকে থানা পুলিশ খোঁজ করার এক পর্যায়ে সিসি ক্যামেরা থেকে রিকশা চালক লাল মিয়ার ছবি সংগ্রহ করে অন্যান্য রিকশাচালকদের মাধ্যমে তার মোবাইল নাম্বার ও পরিচয় বের করে। থানা পুলিশ মোবাইলে যোগাযোগ করলে লাল মিয়া জানায় টাকাগুলো তার বাড়িতে হেফাজতে আছে। পরে বাড়িতে গিয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম এর উপস্থিতিতে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

টাকার মালিক রাজীব প্রসাদ জানান, রোববার সকালে সার কেনার জন্য ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করেছিলেন তিনি। টাকা ফেরত পেয়ে খুশি হয়ে নতুন রিকশা কেনার জন্য চালককে ৫০ হাজার টাকা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.